চট্টগ্রামের পটিয়ায় চানখালী খালের পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ পটিয়া থানাধীন ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করল এলাকার চানখালী খালের পাড় থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ছবি সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গত ৩ জুন ২০২৬ তারিখে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম শাখায় হস্তান্তর করা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফন করা হয়।
এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করছে পটিয়া থানা পুলিশ।
ছবিতে প্রদর্শিত ব্যক্তির পরিচয় জানা থাকলে বা এ বিষয়ে কোনো তথ্য থাকলে পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইউসুফ আলী মৃধার ০১৭১৬-৫৪০১১১ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





