কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন ৪নং বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসামগামী সড়কের পার্শ্বে উক্ত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ভিকটিমের ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা করে জানা যায়, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর আধুনিক তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করেও ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রথমে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছিল। পরবর্তীতে তদন্তের স্বার্থে ২০২৫ সালের ১৪ নভেম্বর সদর দক্ষিণ থানায় সড়ক পরিবহন আইনে আরেকটি মামলা রুজু করা হয়।
ছবিতে প্রদর্শিত বা বর্ণিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারলে বা কোনো তথ্য জানা থাকলে তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম (মোবাইল: ০১৭৮৫-৯০০৯০০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





