একজন অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। মৃত মহিলার আনুমানিক বয়স ৪৫ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং ফর্সা, চুল কালো ও লম্বা (আনুমানিক ১০ ইঞ্চি)। মুখমণ্ডল গোলাকার। মৃত্যুকালে তার পরনে ছিল সাদা-কালো প্রিন্টের কামিজ, বেগুনি রঙের সালোয়ার এবং নীল রঙের হিজাব।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, শনিবার ৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন মির্জা আব্বাস এর পারিবারিক কবরস্থানের সামনে ফুটপাতের উপর একজন অজ্ঞাতনামা মহিলা মৃত্যুবরণ করেন। উপস্থিত লোকজন পুলিশের সহায়তায় উক্ত মহিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞাত মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত মহিলার নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির শাহজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৩/২০২৬, তারিখ: ০৫/০৪/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৩০০) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান (০১৭০৮-৩৯২৯২৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




