ডিএমপি নিউজ: পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পিএসসি দল খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে খুলনা রেঞ্জ। দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো: মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা ‘ইনিংস’ প্রকাশিত হয়েছে। আইজিপি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

আজকের ফাইনাল খেলায় খুলনা রেঞ্জ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রান সংগ্রহ করে। জবাবে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) দল ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে তাদেরকে পরাজিত করে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২৩টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন খুলনা রেঞ্জ দলের শেখ মুরাদ হাসান চপল।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের খেলার গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।
তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলায়ও ভালো করছে ।
পুলিশ প্রধান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান।
আইজিপি চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
এসময় মো: কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো: মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ; মো: আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, পিবিআই; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, অতিরিক্ত আইজি, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইফতেখার রহমান মিঠু, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এসময় উপস্থিত ছিলেন।




