বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬” আজ সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে (১২ এপ্রিল) সকাল ৮:০০ ঘটিকায় প্রধান অতিথি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পুলিশ হেডকোয়ার্টার্স) ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাক সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
পরবর্তীতে সকাল ৮:০৫ ঘটিকায় প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সঙ্গে ক্রীড়া সালামি গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক উৎফুল্লতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক। একই সঙ্গে এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং ডিসি, মিরপুর বিভাগ, মোহাম্মদ মোস্তাক সরকার। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চার প্রসার এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপর প্রধান অতিথি বেলুন উড়িয়ে “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে খেলায় পুলিশ স্টাফ কলেজ ৯ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নুরুল আমিন; রেক্টর, পুলিশ স্টাফ কলেজ কাজী মুহাম্মদ ফজলুল করিম, বিপিএম (সেবা); ভাইস রেক্টর এস এম আখতারুজ্জামান, ডিআইজি; ডিআইজি (একাডেমিক অ্যান্ড রিসার্চ) ড. এম এ সোবাহান, পিপিএম; ডিআইজি মোঃ হুমায়ুন কবির; অধিনায়ক, ৫ম এপিবিএন মোহাম্মদ ইকবাল; অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ তাহেরুল হক চৌহান; এমডিএস, পুলিশ স্টাফ কলেজ নাশিয়ান ওয়াজেদ, বিপিএম, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স মোহাম্মদ আনোয়ার হোসেন; এবং পরিচালক (প্রশাসন ও অর্থ), পুলিশ স্টাফ কলেজ মোঃ সোহেল রানাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




