ডিএমপি নিউজ: চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে লালবাগের বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committe (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
লালবাগ থানার উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) সকালে থানার কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ খন্দকার মো: হেলাল উদ্দিন পিপিএম।

সভার বিশেষ অতিথি লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজ জানান, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এ সভায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং নির্মূল, মাদক নির্মূল, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দেওয়া, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধকরণ, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, মার্কেট, ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইতাদি বিষয়ে আলোচনা করা হয়।

আইনশৃংখলা সমন্বয় সভায় লালবাগ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, লালবাগ কেল্লার কাস্টডিয়ান মোখলেসুর রহমান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেছ হোসেন জাহিদ, ওয়েস্ট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ লালবাগ এলাকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




