যখন ব্যাট হাতে ২২ গজে নামতেন, তার নামের আগে একটি স্থায়ী উপাধি যুক্ত হয়ে গিয়েছিল ‘দ্য ওয়াল’। তার অধীনেই গত ২ বছর ধরে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দল। তাই রাহুল দ্রাবিড়ের নির্ভযোগ্য কাঁধেই তরুণ তুর্কিদের গ্রুমিংয়ের দায়িত্ব তুলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।আর এই দায়িত্ব পালন করতেই আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন রাহুল দ্রাবিড়।
রামচন্দ্র গুহ নিজের বিসিসিআইয়ের অ্যাডভাইসরি কমিটির দায়িত্ব ছাড়ার সময় পদত্যাগপত্রে বহু সাবেক ক্রিকেটার এবং গুরুত্বপূর্ণ পদে থাকা মেন্টরদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি লিখেছিলেনন, এমন অনেকে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাচ্ছেন যাদের ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ আছে।তালিকায় অবশ্য রাহুল নিজেও ছিলেন। কারণ তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসাবে কাজ করছিলেন। ‘ অভিযোগ ওঠার পর প্রথমে কিছু না বললেও শেষ পর্যন্ত কাজের মাধ্যমেই দেশের প্রতি নিজের কমিটমেন্ট প্রমাণ করলেন দ্রাবিড়। দেশের জন্য টাকার মায়া ত্যাগ করে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
দিল্লি ডেয়ারডেভিলসের সিইও হেমন্ত দুয়া বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করে আমরা সম্মানিত। গত দুই বছর ধরে তিনি দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে দারুণ কাজ করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি তিনি আর দলের সঙ্গে কাজ করবেন না। কারণ ভারতীয় ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবে কাজ করতে হবে তাকে। আমরা তার সাফল্য কামনা করছি। ‘




