ডিএমপি নিউজঃ অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।
এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বুধবার (১১ আগস্ট) বিজয়ী হিসেবে সাকিবের নাম ঘোষণা করে আইসিসি।
জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণে সিরিজ জয়ের পেছনে সাকিবের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই পারফরম্যান্সের জন্য ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর স্বীকৃতি পেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টোয়েন্টিতে ৩৭ রান করেন সাকিব।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন সাকিব। বল হাতে টেস্টে ৫, ওয়ানডেতে ৮ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন। যার সুবাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব।
মেয়েদের ক্রিকেটে জুলাই মাসের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্টেফানি টেইলর। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে।





