ডিএমপি নিউজ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে রাষ্ট্রপ্রধান আগামীকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ও বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন পিতা-মাতার চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয়। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতি ধুমধাম ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।
কর্মসূচি অনুযায়ী, সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকবেন। এই সময়ে বিউগলে করুণ সুর বাজানো হবে।বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল ‘রাষ্ট্রীয় সম্মান’ প্রদান করবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ফাতেহা ও দোয়া পাঠ করবেন।
রাষ্ট্রপতি সমাধি সৌধ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন। পরে বিকেলে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার গুলিতে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য। বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেও দোয়া করা হবে।
মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। সূত্র- বাসস।





