ডিএমপি নিউজঃ আগামী ৪৮ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ের শেষের দিকে হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা। এদিকে সপ্তাহের শেষে বৃষ্টিপাত বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে, প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রাজশাহীতে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন কক্সবাজারে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে সৈয়দপুরে ৭১ মিলিমিটার, ডিমলায় ৫২ মিলিমিটার, হাতিয়ায় ৪১ মিলিমিটার এবং ঢাকায় ১৯ মিলিমিটার উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমিঃ বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকায় কাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে।





