টানা ২ দফা বাড়ার পর ফের দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস সূত্রে জানা যায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হবে। স্বর্ণের দামে এ পরিবর্তন কেবল ২২ ক্যারেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রেও দাম আনুপাতিক হারে কমানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৬ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
তথ্যসূত্র: যুগান্তর



