আজ (১৬ ফেব্রুয়ারি) শনিবার ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত । সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ মোনাজাত হতে পারে। আর আগামীকাল রবিবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। গতকাল শুক্রবার মাওলানা যোবায়েরপন্থীদের ব্যবস্থাপনায় প্রথম পর্বের ইজতেমা শুরু হয়। তার আগে বৃহস্পতিবার বাদ আসর থেকেই মূলত ইজতেমার কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন দেশ-বিদেশের উলামায়ে কেরামরা।
ইজতেমা উপলক্ষে ‘কহর দরিয়া’ পারের বিশাল চটের শামিয়ানার তল পূর্ণ হয়ে যায় বৃহস্পতিবার রাতেই। পরে খোলা আকাশের নিচে ঠাঁই নেয় অনেকে। এ অবস্থায় জুমার জামাতে শামিল হতে আসা মুসল্লিরা যে যেখানে জায়গা পেয়েছে, সেখানে দাঁড়িয়ে আদায় করেছে জুমার নামাজ।
বিশ্ব ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক নিবাসে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইজতেমাস্থলে প্রবেশের প্রতিটি পথে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নজরদারি।





