ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে পিওএম উত্তর বিভাগ। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে পিওএম-এর চারটি বিভাগ (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) অংশ নেয়।
শনিবার (১ আগস্ট) মিরপুর-১৪ পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পিওএম উত্তর বিভাগ ও পিওএম পশ্চিম বিভাগ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ১০ মিনিটে। সেখানেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইবেকারের পথ ধরতে হয়। পরে জমজমাট টাইব্রেকারে পিওএম উত্তর বিভাগ ৫-৪ ব্যবধানে পিওএম পশ্চিম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া পিওএম পশ্চিম বিভাগের ১০ নম্বর জার্সিধারী কাজী সুমন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা)। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) জনাব খন্দকার ফরিদুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
খেলা শেষে ডিএমপি কমিশনার বিজয়ী ও রানারআপ-উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ; তবে খেলোয়াড়দের শৃঙ্খলা, দলগত সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবই এ আয়োজনকে সফল করেছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি বিজয়ী ও রানারআপ—উভয় দলের জন্য ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মাঠে নিয়মিত ফুটবল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) জনাব মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) জনাব মোঃ আবুল বাশার তালুকদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) জনাব মোহাম্মদ ওসমান গণি, পিপিএম-সহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





