মহিলাদের এক দিনের বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী ৫ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘ক্রিকইনফো’র তথ্য অনুযায়ী, ভারতের মাটিতে হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল। এবারের টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বেঙ্গালুরু, ইনদওর, গুয়াহাটি ও বিশাখাপত্তনমে। পাকিস্তানের ম্যাচগুলো হবে কলম্বোতে, যার মধ্যে রয়েছে ২ অক্টোবর বাংলাদেশ, ১৫ অক্টোবর ইংল্যান্ড ও ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা।
১ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইনদওরে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ড। ২২ অক্টোবর সেই মাঠেই হবে গত বারের ফাইনালের রি-ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ইংল্যান্ড।
বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ২৮টা ম্যাচ হবে। নক আউটে আরও তিনটে ম্যাচ। বেঙ্গালুরু ও ইনদওর ছাড়া গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোয় হবে খেলা। ২৯ ও ৩০ অক্টোবর দুটো সেমিফাইনাল হওয়ার কথা। ২ নভেম্বর হবে ফাইনাল। গত বারের মতোই রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। অর্থাৎ, গ্রুপ পর্বে আট দলের প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।




