আগামী (মার্চ) মাস থেকে অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য অধিদপ্তরে আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।বাসস।
মন্ত্রী বলেন, এই কর্মসূচীর জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মে.টন চাল দরকার হবে। চলতি আমন মৌসুমে ৬ লাখ মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতোমধ্যে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।
তিনি বলেন, বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার মে.টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মে.টন চাল এবং বাকীটা গম।
উল্লেখ্য,‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে ধারণ করে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হতদরিদ্রদের জন্য একটি কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কর্মসূচির নাম ‘খাদ্য বান্ধব কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর ও মাঠ পর্যাযের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ।





