রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা সম্মাননা-২০২৬’ পেলেন ডিএমপি মিডিয়া সেন্টারের পুলিশ পরিদর্শক মো. আবুল বাশার।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব সেকেন্দার আলম শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা গ্রামীণ সাংবাদিকতার উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় আরজেএফ-এর ১৯ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্তরের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং জনসেবায় নিজেকে আরও উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।




