তাহসানের সর্বশেষ অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’ প্রকাশিত হয় ২০১৪ সালে। কিন্তু এর মধ্যেই ভক্তদের মনে হচ্ছিল, অভিনয়ের জগতে প্রবেশ কিভাবে যেন ঢেকে ফেলছে পুরনো চিরচেনা সেই তাহসানকে। এ নিয়ে তাদের অভিযোগেরও অন্ত ছিল না। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনও বেশ ঝড়ঝাপটার মধ্য দিয়ে পার করেছেন তিনি। তাই এবার সব কিছু গুছিয়ে নেয়ার অংশ হিসেবে ভক্তদের জন্য নতুন অ্যালবাম ‘অভিমান আমার’ নিয়ে আসছেন জনপ্রিয় এই শিল্পী।
ব্যক্তিগত জীবনে একটু অভিমানী তাহসান তার সামগ্রিক চাওয়া-পাওয়ার প্রতিফলন হিসেবেই যেন তার এই নতুন অ্যালবামের নাম রেখেছেন অভিমান আমার। তাহসানের নতুন অ্যালবামে মোট গান থাকবে সাতটি। এর মধ্যে ছয়টি গান লিখেছেন তাহসান নিজেই। আর একটি গান সম্মিলিতভাবে লিখেছেন ফাজবির তাজের সাথে। সাতটি গানের মধ্যে তিনটি গানের সুর করেছেন তাহসান আর দু’টি করে বাকি চারটি গানের সুর করেছেন সাজিদ সরকার ও নাহিদ নোমান অরূপ।
এ নিয়ে তাহসান বলেন, ‘তাহসানের আসল পরিচয় শিল্পী হিসেবে। গানের মাধ্যমেই আমি আমার ভক্তদের এত ভালোবাসা পেয়েছি, তাদের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এ মুহূর্তে আমার সম্পূর্ণ ধ্যানজ্ঞান আমার সপ্তম অ্যালবাম নিয়ে। আমার প্রত্যাশা, ভক্তরা বরাবরের মতোই এ অ্যালবামটি পছন্দ করবেন। কেননা, এ অ্যালবাম নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করিনি। নিজেকে সব কিছু থেকে আলাদা করে অ্যালবামের জন্য উজাড় করে দিয়েছি।’





