নতুন ছবি ‘আমার কোনো টেনশন নাই’ এর সম্পাদনার কাজ শেষের দিকে। নির্মাতা বশির আহমদ একই নামের নিজের একটি উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন। রোমান্টিক প্রেমের গল্পের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাজিব খান ও দিপালি আক্তার তানিয়া। সম্পাদনার কাজ শেষ হলে ছবিটি সেন্সরে যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
পরিচালক বশির আহমদ বলেন, দেশীয় চলচ্চিত্রের বাজার যখন নাজেহাল তখন দর্শক আকৃষ্ট করতে কিছুটা ভিন্নতা তো আনতেই হচ্ছে। নামটি নিয়ে এরই মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। একটি ভালো গল্প ও দর্শকদের কাছে সেটির শৈল্পিক উপস্থাপনই পারে দর্শকের হৃদয় স্পর্শ করতে।
নবাগত সাজিব খান বলেন, ছবিটির গল্প আমার কাছে অসাধারন লেগেছে। মৌলিক গল্পের রোমান্টিক চলচ্চিত্র ‘আমার কোনও টেনশন নাই। ‘ গল্পে দেখা যাবে মিষ্টি মেয়ে কুসুম ও আকাশের প্রেমের রসায়ন।
ছবিটিতে এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নানী খ্যাত শবনম পারভিন, কাজী হায়াৎ, অভিনেতা আফজাল শরীফ, লীনা ফেরদৌসী, সরল হাসমত, বিটলু শামীম, শাকিল, মো: সুজন, অর্পা, লিজা খানম সহ বেশ কিছু নতুন মুখ।
ছবিটিতে আইটেম সহ মোট পাঁচটি গান রয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব ( প্রমিথিউস) এছাড়া অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন, এস আই টুটুল, ইমরান, ক্লোজ আপ ওয়ান খ্যাত নোলক বাবু, মাহবুব মিনেল, সঙ্গীত শিল্পী কণা, স্বরলিপি, খেয়া এবং স্মিতা,।





