তামিম-সাকিব আউট হওয়ার পর লিডটাকে বাড়ানোর পুরো দায়িত্বটাই নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দারুণ ছন্দে মনে খেলছিলেন তিনি। তবে ভাগ্যটা সহায় হলো না তাঁর। রান আউট হয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ৪১ রান করেন মুশফিক। নাথান লায়নের বলটা জোরের ওপরই মেরেছিলেন সাব্বির রহমান। সোজা গিয়ে লাগে স্টাম্পে এর আগে বলে হাত ছোঁয়াতে সক্ষম হয়েছিলেন লায়ন।
মুশফিক আউট হবার পরের ওভারেই ফিরে আসেন নাসির হোসেন। অ্যাগারের বলে উইকেটের বলে ক্যাচ দেন তিনি। নাসির ফেরার পর ব্যাটিং করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বেশিক্ষণ টেকেননি সাব্বির রহমানও। নাথান লায়নের বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাব্বির।
আজ তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দিনের ষষ্ঠ ওভারে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলাম। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুল কায়েসও। সাজঘরে ফিরেছেন মাত্র ২ রান করে। তাঁর উইকেটটিও গেছে নাথান লায়নের ঝুলিতে। তবে এরপর দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন তামিম ও মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০৫ রান। ২৪৮ রানের লিড নিয়ে এখন ব্যাট করছেন মিরাজ ও শাফিউল ইসলাম।
মিরপুর টেস্টের প্রথম দুদিনই নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তামিমের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান। পরে বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ২১৭ রানে। পেয়েছে ৪৩ রানের লিড। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে সব টেস্টখেলুড়ে দলের বিপক্ষেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন সাকিব।





