রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষে ওয়াশিংটন সফরে যাচ্ছে।
কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার (২৯ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, এই আলোচনায় ইউক্রেনের পক্ষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাকের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারই তাকে পদ থেকে বরখাস্ত করায় তিনি এই সফরে যাচ্ছেন না। ফলে প্রতিনিধি দলের নতুন গঠন ও নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি। তবে ধারণা করা হচ্ছে, এতে যুদ্ধবিরতি, ভূখণ্ডের বিষয়ে সমঝোতা এবং নিরাপত্তা গ্যারান্টি-সংক্রান্ত বিষয় থাকতে পারে।
তথ্যসূত্র: এএফপি/কিয়েভ/বাসস





