ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যসংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। ২০২৫-২৯ মেয়াদে আন্তরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ। ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে ১৯৭২ কনভেনশনের ২৫তম সাধারণ সভা চলাকালে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ এ সাফল্য লাভ করে। এ বছর বাংলাদেশের জন্য নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাচনি গ্রুপে কোনো আসন বরাদ্দ না থাকায় বাংলাদেশ উন্মুক্ত আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেয় এবং কাক্সিক্ষত ফল অর্জন করে। এ নির্বাচনের ফলে বাংলাদেশ এ কনভেনশনের সদস্য পদের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আন্তরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, ৭ অক্টোবর জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতকে পেছনে ফেলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হন। বিশ্ব ঐতিহ্যসংক্রান্ত আন্তরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে জয়লাভের মাধ্যমে ইউনেস্কোতে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকল।
নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত তালহা বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের সাফল্য কোনো একক ঘটনা নয়। এটি ইউনেস্কোতে আমাদের কূটনৈতিক সক্ষমতার প্রতি অন্য সব দেশের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি সমর্থন। এটি সম্ভব হয়েছে আমাদের ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং একনিষ্ঠ প্রচারের মাধ্যমে।’ তথ্য সূত্র: বাংলাদেশ প্রতিদিন।





