ফ্রান্সকে হারিয়ে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। গতি আর নান্দনিক ফুটবলে আসরে ছয় ম্যাচ খেলে সবগুলোই জিতল স্পেন।
রোমাঞ্চকর লড়াইয়ে তিনটি গোলই হয়েছে ২৫ মিনিটের মধ্যে। রান্দাল কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে। তাদের জয়সূচক গোলটি করেন দানি ওলমো।
আগের ম্যাচের একাদশ থেকে দলে দুটি পরিবর্তন আনেন দিদিয়ে দেশম; ছন্দ খুঁজে ফেরা অঁতোয়ান গ্রিজমান ও এদুয়ার্দো কামাভিঙ্গার জায়গায় উসমান দেম্বেলে ও আদ্রিওঁ রাবিওকে নামান ফ্রান্স কোচ।
আর দারুণ ফর্মে এগিয়ে চলা দলে বাধ্য হয়ে তিনটি পরিবর্তন আনেন স্পেন কোচ। কার্ডের নিষেধাজ্ঞায় পড়া সেন্টার ব্যাক হবাঁন লু নহমাঁ ও নির্ভরযোগ্য ফুলব্যাক দানি কারভাহাল এবং চোট পেয়ে ছিটকে পড়া পেদ্রির জায়গায় নাচো ফের্নান্দেস, হেসুস নাভাস ও দানি ওলমোকে একাদশে রাখেন লুইস দে লা ফুয়েন্তে।
আগামী রোববার বার্লিনের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বিজয়ীর।





