ইকোনমিক লাইফ অতিক্রান্ত লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযুগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৬ মে ২০২৬ খ্রি.) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যপরিবাহী যানবাহন ঢাকা মহানগরে চলাচল করছে। এ ধরনের যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার, সেতুর উপর বিকল হয়ে মারাত্মক যানজটের সৃষ্টি করে, যার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায় জনসাধারণের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতকল্পে ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী সকল প্রকার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ (বিশ) বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করে বিআরটিএ’র স্মারক নং- ৩৫.০০.০০০০. ০২০,০৬,০৪১,২১-৩৬০, তারিখ: ১৭/০৫/২০২৩ খ্রি. মোতাবেক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
এমতাবস্থায় ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন না চালানোর জন্য সংশ্লিষ্ট সকল মালিক ও ড্রাইভারগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তদুপরি যদি কেহ ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বিশেষ করে লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চালায় তাদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর আইনানুগ ব্যবস্থা (জরিমানা, যানবাহন ডাম্পিং- এ প্রেরণ ইত্যাদি)। বিশেষ অভিযান (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে) পরিচালনা করা হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের যানবাহন মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছে।




