আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপ অঞ্চলের দুই দল—ইতালি ও নেদারল্যান্ডস। নাটকীয়তায় ভরপুর ছিল ইউরোপিয়ান বাছাইপর্বের শেষ দিন। চার দলেরই কোয়ালিফাই করার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ইতালি ও নেদারল্যান্ডস নিজেদের প্রথম পর্ব নিশ্চিত করে।
ইতালির জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। ফুটবলপ্রেমী এই দেশটি এবারই প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। নেদারল্যান্ডসও একই দিনে তাদের জায়গা নিশ্চিত করে নেয়। যদিও শেষ ম্যাচে নেদারল্যান্ডস জয় পেয়েছে, তবে ইতালির উন্নত নেট রান রেটই তাদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে দেয়।
গতকাল শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৪/৭ রান করে ইতালি। এরপর নেদারল্যান্ডসকে ১৫ ওভারের আগে জয়ের সুযোগ না দিয়ে ১৭তম ওভার পর্যন্ত খেলা টেনে নেয় তারা। এতে করে নেট রান রেটের দিক থেকে ইতালি এগিয়ে থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়। এর আগে রোয়েলোফ ভ্যান ডার মারউইর দুর্দান্ত বোলিংয়ে (৪ ওভারে ১৫ রান, ৩ উইকেট) ইতালিকে তুলনামূলক কম রানে আটকে রেখেছিল ডাচ দল।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত ১৫টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে:
ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

- আয়োজক দেশ: ভারত, শ্রীলঙ্কা
- সরাসরি সুপার এইট থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র
- রেঙ্কিং থেকে: পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড
- বাছাইপর্ব থেকে: কানাডা (আমেরিকান অঞ্চল), ইতালি ও নেদারল্যান্ডস (ইউরোপ অঞ্চল)
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স এবং আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই অধিকাংশ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা হবে ২০টি। বাকি পাঁচটি দল উঠে আসবে এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক (EAP) অঞ্চল থেকে—এদের মধ্যে এশিয়া ও EAP অঞ্চল থেকে তিনটি এবং আফ্রিকা থেকে দুটি দল সুযোগ পাবে। বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয় কানাডা, যারা আমেরিকান অঞ্চলের কোয়ালিফায়ারে বিজয়ী হয়। এরপর ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস মূল পর্ব নিশ্চিত করল।
এখন বাকি রয়েছে আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব। সেখান থেকেই আসবে বাকি পাঁচটি দল।
তথ্যসূত্র: আইসিসি ক্রিকেট



