ইতালীয় স্টেট পুলিশের মেজর ও মাইগ্রেশন অ্যাটাশে মি. জিউসেপ্পে দি জিওভান্নি সাথে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ উগ্রবাদ ও অবৈধ মানব পাচার এবং সাইবার ক্রাইম দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, গোয়েন্দা তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিনিময়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান নিরাপত্তা হুমকি এবং সেগুলো কার্যকরভাবে মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশ ও ইতালীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আইন-শৃঙ্খলা, সন্ত্রাসবিরোধী, উগ্রবাদ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কার্যক্রমে চলমান সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ এ ধরনের নিয়মিত সংলাপ ও সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন এবং সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ, অবৈধ মানব পাচার দমনে তথ্য বিনিময়, সক্ষমতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





