চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো শেষ চারে ওঠার কীর্তি গড়লো টটেনহাম। গোল আর পাল্টা গোলের জমজমাট লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে দলটি। মূল্যবান অ্যাওয়ে গোলের কল্যাণে পেপ গার্দিওলার দলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের টিকিট পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।
ইতিহাদ স্টেডিয়ামে শেষ আটের ফিরতি লেগে টটেনহামের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি । ইংলিশ লিগে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা দলটিকে টটেনেহামের বিপক্ষে গতকাল ফেবারিট ভেবেছিল অনেকেই। কিন্তু জমজমাট লড়াই শেষে সিটিজেনদের তিক্ত স্বাদ দিয়েছে সফরকারীরা। প্রথম লেগে টটেনহাম এগিয়ে ছিল ১-০ গোলে। গতকাল ফিরতি লেগে সিটির মাঠে তারা হারে ৩-৪ ব্যবধানে। তবে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা হলেও প্রতিপক্ষের মাঠে পাওয়া গুরুত্বপূর্ণ ৩টি অ্যাওয়ে গোলই এগিয়ে দিয়েছে টটেনহামকে।
ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ও কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসকে হারানো ডাচ আয়াক্স।





