ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সুনামগঞ্জের টেকেরঘাটে। হাসন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ, শাহ আব্দুল করিমসহ অনেক সাধকের জন্মস্থান সুনামগঞ্জ।
এবারের ‘ইত্যাদি’তে তাঁদের ওপর থাকবে একটি অনুসন্ধানী প্রতিবেদন। থাকবে আশুলিয়ার মাইনুল মাজেদিনের ঘড়ি সংগ্রহ এবং জার্মানিপ্রবাসী শৌখিন দৌড়বিদ শিব শংকর পালের ওপর দুটি প্রতিবেদন। ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ‘ইত্যাদি’তে দুজন তরুণকে দেখানো হয়েছিল, যারা অসহায় শিশুদের চিকিৎসার খরচ জোগাতে স্বচ্ছ কাচের বাক্সে অর্থ সংগ্রহ করে।
এবার দেখানো হবে এই তরুণরা এত দিন কী করেছে এবং এখন কী করছে। হাসন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ ও শাহ আব্দুল করিমের চারটি গানের সমন্বয়ে থাকবে একটি গান। গেয়েছেন শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীরা। সুনামগঞ্জ নিয়ে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আনিকা। কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর হানিফ সংকেত এবং সংগীতায়োজনে মেহেদী।
গানটির সঙ্গে নেচেছেন টেকেরঘাটের স্থানীয় শিল্পীরা। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস ও তীক্ষ নাট্যাংশ। ৩০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত।




