পশ্চিম ইথিওপিয়ার বেনিশাংগুল গুমুজ অঞ্চলে শতাধিক গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জনেরও বেশি মানুষ। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে ঘটনাটি ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর নৃশংস হামলাটি হলো।
এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন নির্মম এ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র বিয়েনে মিলিজ জানিয়েছেন, স্থানীয় শান্তিবিরোধীরা একমাত্র হামলাটির জন্য দায়ী।
উল্লেখ্য, ইথিওপিয়ার প্রদেশটিতে গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এ ধরনের চারটি হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অনেকে। সূত্রঃ বিবিসি




