ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭১২ জনে পৌঁছেছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশসহ মোট তিনটি প্রদেশে এখনো ৫০০–এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লাখ মানুষ। হাজার হাজার বাড়িঘর, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।
উদ্ধারকারী দলগুলো এখনো দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। ত্রাণ সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনেও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
(সূত্র: বাসস/এএফপি/বিএনপিবি)





