ডিএমপি নিউজ: দামেস্কে ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন সেনা।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, রাজধানীর কয়েকটি সেনা অবস্থানকে লক্ষ্য করে বুধবার ওই হামলা চালানো হয়। এ নিয়ে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, গালিলি অঞ্চল থেকে ইসরাইল মিসাইল হামলা চালিয়েছে। এতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীকে টার্গেট করা হয়েছে।
দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। তারপরেও এক সেনা নিহত এবং ৩ সেনা আহত হয়েছে। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আহত হওয়া সেনার সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।




