রাজধানীর রাজারবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম নুরুল আলম (৪২)।
শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় শাহজাহানপুর থানার রাজারবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাহানপুর থানা সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ১১.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজারবাগ মোড় এলাকায় এক ব্যাক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজারবাগ মোড়ের পূর্ব পাশে শহিদ অটো সার্ভিস নামক দোকানের সামনে রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় নুরুল আলমকে গ্রেফতার করে থানার টিমটি। এ সময় তার হাতে থাকা চারটি জিপার প্যাকেটের ভিতর থেকে মোট ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল আলম দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত নুরুল আলম।
মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





