রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাঞ্জু (১৯)।
শনিবার (২৮ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাতে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে সাঞ্জু নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাঞ্জু ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে স্বীকার করেছে। সাঞ্জু দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




