ডিএমপি নিউজঃ আগামি দু’দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ ৮ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ টেকনাফে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
আগামিকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৮ মিনিটে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গেপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। সূত্রঃবাসস





