শারজায় বল হাতে ঝড় তুললেন উসমান খান। তার বোলিং তোপে পড়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা। বিধ্বংসী এক স্পেলে ৫ উইকেট তুলে নেন উসমান। ফলে লঙ্কান ইনিংসের মেরুদণ্ড ভেঙে যায়।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন ভুলই করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। উসমানের বোলিং তোপে পড়ে মাত্র ৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ২০ রানে দলটি হারায় পঞ্চম উইকেট। এরপর ৫০ রানে পৌঁছার আগেই আরেক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৫১ রান। থিসারা পেরেরা ১ এবং সেকুগে প্রসন্ন ৮ রান নিয়ে ব্যাট করছেন। লাহিরু থিরিমান্নে ১৯ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি দিনেশ চান্দিমাল, নিরোশান দিকভেলা ও সামারাবিক্রম। অধিনায়ক থারাঙ্গা আউট হন ৮ রান করে। মিলিন্দা সিরিবর্ধনে করেন ৬ রান।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সামারাবিক্রমকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন উসমা। একই ওভারের শেষ বলে চান্দিমালকে উইকেটের পেছনে সরফরাজকে ক্যাচ দিতে বাধ্য করেন এই বাঁহাতি পেসার।
তৃতীয় ওভারে আক্রমণে এসে ফের লঙ্কান শিবিরে হানা দেন উসমান। এবার তৃতীয় ওভারের তৃতীয় বলে থারাঙ্গাকে বোল্ড করে পাকিস্তানকে উল্লাসে ভাসান এই ২৩ বছর বয়সী পেসার। একই ওভারের শেষ বলে দিকভেলাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে লঙ্কানদের দিশেহারা করে ফেলেন উসমান।
৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি উসমান। তার করা সপ্তম ওভারের তৃতীয় বলে কভার পয়েন্টে ফখর জামানকে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিলিন্দা সিরিবর্ধনে।
চরম বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন থিরিমান্নে ও প্রসন্ন। তবে সেই চেষ্টাকে সফল হতে দেননি হাসান আলি। হাসানের করা ১৫তম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে সরফরাজকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন থিরিমান্নে।
প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ওয়ানডে সিরিজে যেন সেই শোধ নেয়ার মিশন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের চার ম্যাচে টানা জয় পেয়েছে সরফরাজের দল। এই ম্যাচে জিতলেই লঙ্কানদের হোয়াইটওয়াশের স্বাদ ফিরিয়ে দিতে পারবে পাকিস্তান।





