বাংলা শিশুসাহিত্যের অন্যতম পথিকৃৎ, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তার মেয়ে অঞ্জনা বড়ুয়া মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ ধরে ফুসফুসে পানি জমার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ২০০৬ সালে ব্রেন স্ট্রোকের পর তার ডান পা অবশ হয়ে যায় এবং এরপর থেকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই কিংবদন্তি ছড়াকার।
১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৩ সালে তোপখানা রোডে একটি সাধারণ বেড়ার ঘর ভাড়া নিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেন। ১৯৯৯ সালে স্টোরকিপার পদে অবসর গ্রহণ করেন।
প্রায় ছয় দশক ধরে ছড়া রচনা করে ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ ও ‘ছড়ার জাদুকর’—এমন নানা অভিধায় ভূষিত হয়েছেন সুকুমার বড়ুয়া। তার ছড়ায় ব্যঙ্গ, হাস্যরস, নৈতিক শিক্ষা ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক বার্তা উঠে এসেছে।
তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা, জীবনের ভেতরে বাইরে প্রভৃতি।
ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।
সুকুমার বড়ুয়ার মৃত্যুতে বাংলা সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যসূত্র : বাসস





