এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। ইতালিয়ান সেরি-আ’র শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে জুভেন্টাস। পাওলো দিবালার গোলে সমতায় ফেরার পর পার্থক্য গড়ে দিলেন তরুণ ফরোয়ার্ড মইজে কেন।
রোববার জেনোয়ার কাছে নাপোলি হারলেই টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা ঘরে তুলবে তুরিনের ক্লাবটি।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ রোনালদোকে ছাড়া খেলল জুভেন্টাস। গেল মাসের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে ডান পায়ে চোট পান পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকা মিলান ৩৯তম মিনিটে এগিয়ে যায়। সতীর্থের ছোট পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকেই ডান পায়ের নিচু শটে গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড পিওনতেক। এরই সঙ্গে ২১ গোল নিয়ে সাম্পদোরিয়ার ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লার সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন তিনি।
বিরতির ঠিক আগে সমতায় ফেরার সেরা সুযোগটি পায় স্বাগতিকরা। কিন্তু মারিও মানজুকিচের বাইসাইকেল কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক পেপে রেইনা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় জুভেন্টাস। ডি-বক্সের বাইরে থেকে পিওনতেকের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। দিবালার সফল স্পট কিকে ৬০তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলেই পেনাল্টিটি পায় তারা।
আর ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন কেন। মিরালেম পিয়ানিচের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন কেন। এরই সঙ্গে এই শতাব্দীতে পল পগবার পর দ্বিতীয় টিনএজার হিসেবে সেরি আর এক মৌসুমে জুভেন্টাসের হয়ে পাঁচ গোল করার কীর্তি গড়লেন প্রতিভাবান ইতালিয়ান এই ফরোয়ার্ড।
সেরি আয় ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে এই প্রথম টানা আট ম্যাচে জিতল জুভেন্টাস। এর আগে ১৯৩১ থেকে ১৯৩৭ সালের মধ্যে টানা সাত ম্যাচ জিতেছিল তারা।
৩১ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ৩০ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। আর এসি মিলান ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার।





