ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত ছিলেন ইব্রাহিমোভিচ। এক বছরের চুক্তিতে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। ইউনাইটেড অবশ্য ইব্রার সঙ্গে চুক্তি নবায়ন করার চিন্তা-ভাবনা করছে। তবে এই সুইডিশ ফরোয়ার্ডকে পেতে হলে এসি মিলানের সঙ্গে লড়তে হবে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিকে।
ইতালিয়ান পত্রিকা টোটোস্পোর্ট জানিয়েছে, পুনর্গঠনের মধ্যে থাকা এসি মিলান ইব্রাহিমোভিচের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এর আগে দুই মৌসুম এসি মিলানে খেলেছিলেন ইব্রা। ফলে বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকার ইতালিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না।
২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন ইব্রাহিমোভিচ। তার দুর্দান্ত নৈপুণ্যে টানা চার মৌসুম ফরাসি লিগের শিরোপা জয় করে পিএসজি। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জেতাতে না পারলেও ৩৫ বছর বয়সে ৪৬ ম্যাচে ২৮ গোল করে নিজের জাত চেনান ইব্রা।
টোটোস্পোর্ট জানায়, ইব্রাহিমোভিচের স্ত্রী হেলেনা সেগারের সঙ্গে এসি মিলানের দারুণ সম্পর্ক রয়েছে। তাকে পেতে তাই হেলেনার সাহায্য নিতে পারে ইতালিয়ান ক্লাবটি। আর তেমনটি হলে ক্যারিয়ারের গৌধূলিলগ্নে ইব্রার এসি মিলানের ফেরার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না।
প্রসঙ্গত, এসি মিলানে দুই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮৫ ম্যাচে ৫৬ গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। ক্লাবটির হয়ে একটি করে ইতালিয়ান লিগ ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জয় করেন তিনি। এছাড়া আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে তিন মৌসুমে ১১৭ ম্যাচে ৬৬ গোল করার পথে তিনটি ইতালিয়ান লিগ ও দুটি ইতালিয়ান সুপার কাপের শিরোপাও জেতেন ইব্রা।





