ঢাকায় ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’। পানিসম্পদ মন্ত্রণালয় এবং সেমস গ্লোবাল যৌথভাবে এ এক্সপোর আয়োজক। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এটি অনুষ্ঠিত হবে।
ওয়াটার, ওয়েস্ট ওয়াটার টেকনোলজি ও সল্যিউশন নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে বিশ্বের আটটি দেশের অংশগ্রহণে আয়োজিত এ এক্সপো ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য যুগোপযোগী প্লাটফর্ম, যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।
সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ মূল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সেমসের প্রেসিডেন্ট মি মেহেরুন এন ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী দফতর পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ড, পানিসম্পদ পরিকল্পনা বিভাগ, নদী গবেষণা ইনস্টিটিউট, যৌথ নদী কমিশন ওই প্রদর্শনীতে অংশ নেবে এবং নিজেদের প্রকল্প ও কর্মপরিধি তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন একটি ভালো উদাহরণ হিসেবে রয়ে যাবে। এক্সিবিশনের পাশাপাশি ‘সেমস গ্লোবাল’ এবং সিইজিআইএস যৌথভাবে আয়োজন করছে কর্মশালা। প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে।





