পর্যটন জেলা কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পান চাষিদের মুখে এবার হাসি ফুটেছে। এক বিড়া পান (৮০টি) ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। এক বিড়া পান পূর্বে বিক্রি হতো ১শ থেকে ১৫০ টাকায়।
বেশি মুনাফা হওয়ায় মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষিরা পান চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার কালামারছড়া, শাপলাপুর, হোয়ানক, ছোট মহেশখালী ও বড় মহেশখালীর পাহাড়ি এবং সমতল ভূমিতে বাড়ছে পানের চাষ। পানের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাইকারদের মাধ্যমে এসব মিষ্টি পান দেশের বাইরে যাচ্ছে। তাই চলতি মৌসুমে ভালো ফলনে হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে।
মহেশখালীর স্থানীয়রা বেশিরভাগ মানুষই পান চাষের সঙ্গে জড়িত। একটি সুস্থ পান গাছ থেকে ৯০-১৫০টি পর্যন্ত পান পাওয়া যায়। মানভেদে প্রতি বিড়া পান ৩শ-৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলন এবং বাজারে দাম থাকলে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় হবে।
এখানকার পান বিক্রি করার জন্য বাজারে নিতে হয় না। গ্রামে এসেই বেপারিরা কিনে নিয়ে যান। সাপ্তাহিক হাটের দিন পান তোলার রীতি থাকলেও পাইকারি ব্যবসায়ীরা প্রতিদিনই পান নিয়ে যাচ্ছেন। পৌষ মাস পর্যন্ত এ পান সংগ্রহ চলবে।
সাধারণত ২ ধরনের পান বরজ হয়ে থাকে, একটি পাহাড়ের ঢালুতে, অপরটি বিল বরজ। বিল বরজটি শুষ্ক মৌসুমে হয় এবং পাহাড়ের ঢালুর পান বরজ প্রায় বছর খানেক থাকে।





