রাজধানীর কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথে ছিনতাইয়ের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মো. ইব্রাহীম সজিব (১৯) ২। মো. হাসান (২১) ও ৩। মো. সাব্বির হোসেন তানজিম (১৯) ।
শুক্রবার (১১ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় কাঠালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, জনৈক হাসিবুল ইসলাম হাসিব গত ১৩ মার্চ ২০২৫ তারিখ রাত অনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় বান্ধবীর সাথে শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে রিকশাযোগে রওনা দেন। তারা কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকার ত্রিধারা টাওয়ারের সামনে পৌঁছালে, পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি রিকশার গতি রোধ করে ভিকটিমের কাছ থেকে একটি iPhone 15 Pro Max মোবাইলফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মিরপুর রোড দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর থানা পুলিশের তৎপরতায় শুক্রবার রাতে কলাবাগান থানাধীন কাঠালবাজার এলাকায় সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর কলাবাগানসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ছিনতাইকাজের সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





