রাজধানীর কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথে ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- শরীফ (২২)। এসময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার (৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় পান্থপথ এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, জনৈক হাসিবুল ইসলাম হাসিব গত ১৩ মার্চ ২০২৫ তারিখ রাত অনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় বান্ধবীর সাথে শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে রিকশাযোগে রওনা দেন। তারা কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকার ত্রিধারা টাওয়ারের সামনে পৌঁছালে, পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি রিকশার গতি রোধ করে ভিকটিমের কাছ থেকে একটি iPhone 15 Pro Max মোবাইলফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মিরপুর রোড দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর থানা পুলিশের তৎপরতায় শুক্রবার রাতে কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরীফ পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর কলাবাগানসসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ছিনতাইকাজের সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




