রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে উদ্ধার হওয়া রিজিয়া (৪২) নামের এক নারীর পরিবারের সন্ধান চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার।
ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ০১:৫০ ঘটিকায় কাফরুল থানাধীন ইব্রাহিমপুর পুল পাড় এলাকায় একাকী ঘোরাফেরা করছিলেন ওই নারী। তাকে অসহায় মনে হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরবর্তীতে কোনো অভিভাবক বা স্বজনের সন্ধান না পেয়ে স্থানীয়রা তাকে কাফরুল থানা পুলিশের হেফাজতে নিয়ে যান।
থানা পুলিশ ভিকটিমের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম ‘রিজিয়া’ ছাড়া আর কোনো তথ্য বা ঠিকানা বলতে পারেননি। এমতাবস্থায় তার নিরাপদ হেফাজতের জন্য কাফরুল থানা পুলিশ তাকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে তিনি সেখানেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ৩৮২, তারিখ: ০৬/০৬/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর- ০২৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





