ডিএমপি নিউজঃ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার আরিফ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নয়ন (২০) ও শাহীন (১৯)।
১২ মে, ২০১৯ বিকাল ০৪.০০ টায় মাদারীপুর সদর থানার লক্ষ্মীপুর এলাকা হতে নয়নকে এবং ১৫ মে, ২০১৯ সকাল ১০.৩০ টায় কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়নের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ৮ মে, ২০১৯ ভোর ০৪.৫০ টায় কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোডে মোঃ আরিফুল ইসলাম আরিফ এর উপর অজ্ঞাতনামা আসামীরা ধারালো চাকু দিয়া আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকার শুনে তার সহকর্মীরা উদ্ধার করতে এগিয়ে এলে তাদের উপরও আক্রমণ করে।এতে ভিকটিমের সহকর্মি রায়হান(২৪) গুরুতর জখম প্রাপ্ত হয়। আরিফ ও রায়হানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভিকটিম আরিফ মারা যায়। এ সংক্রান্তে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজুর পর তদন্ত শুরু করে থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত নয়নকে মাদারীপুর সদর থানার লক্ষ্মীপুর এলাকা থেকে এবং শাহিনকে কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।




