ডিএমপি নিউজ: রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ ফরিদ ওরফে পাগলা জসিম।
আজ বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করতো। আজ বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে ফরিদ ও তার সহযোগীরা। এসময় যাত্রী টের পেলে তারা পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় ফরিদকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী মহিলাদের ব্যাগ ও মোবাইল ফোন টান মেরে ছিনতাই করতো। ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করা শুরু করে। মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই ফরিদ ও তার দল যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের জন্য মেট্রোরেলে যাতায়াত করতো।




