নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে আজ বুধবার সকালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। প্রথমবার কোপা আমেরিকা খেলতে আসা কানাডার স্বপ্নময় যাত্রা শেষ হয় সেমি-ফাইনালেই।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেদিনও ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। তিন ম্যাচ পর একই দলের কাছে একই ব্যবধানে হারল কানাডা।
আজকের খেলাার ২২তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের দারুণ থ্রু বলে অসাধারণ ফিনিশিংয়ে রেকর্ড ১৫ বারের কোপাজয়ীদের এগিয়ে দেন আলভারেজ। আর ৫১তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে এঞ্জো ফার্নান্দেজের জোরালো গতির শটে খুব কাছ থেকে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মেসি।
কোপা আমেরিকার ইতিহাসের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এটি ৩০তম ফাইনাল। সবশেষ আট আসরের ৬টিতেই শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখাল তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে বা কলম্বিয়ার মধ্যকার সেমি-ফাইনালে বিজয়ীর সাথে। তথ্যসূত্র:বিডিনিউজ২৪





