চীনপন্থী হিসেবে পরিচিত ক্যারি লামকে হংকংয়ের নির্বাহী প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। বেইজিংয়ের সমর্থন থাকায় আগে থেকে অবশ্য ধারণা করা হয়েছিল তার জয়ের বিষয়টি নিয়ে। হংকংয়ের প্রধান নির্বাহী পদে নির্বাচন হয় উচ্চপর্যায়ের একটি কমিটির সদস্যদের ভোটে। এ কমিটিতে বেইজিংপন্থি সদস্যের সংখ্যা বেশি। ফলে প্রধান নির্বাহীর পদে নির্বাচনে সব সময় বেইজিংপন্থি প্রার্থীর জয় হয়ে থাকে।

জনমত জরিপে দেখা যায়, ক্যারি লামের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন অর্থ প্রধান জন সাং জনগণের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু বেইজিংয়ের সমর্থন না থাকায় তিনি বিজয়ী হতে পারেননি। বেইজিং ঘনিষ্ঠ নির্বাচকমণ্ডলীর ভোটে জয় পান ক্যারি লাম। তিনি প্রদত্ত ১ হাজার ১৯৪টি ইলেকটোরাল ভোটের মধ্যে ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে দ্বিতীয় হন জন সাং। সবশেষ অবস্থানে আছেন অপর প্রার্থী হংকংয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি উ কুয়োক-হিং।
চীনের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। হংকংয়ে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করে আসছে একটি অংশ। হংকংয়ের নেতা নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচন দাবি করে আসছে তারা। ক্যারি লাম দীর্ঘদিন সরকারি আমলা ছিলেন। তার অধীনে হংকংয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে।



