গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১:১৫ ঘটিকায় তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, গরুর হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। সবাই জানিয়েছে পরিবেশ ভালো এবং কেনাকাটা স্বস্তিদায়ক। আমরা গরু কেনার ক্ষেত্রে মোট মূল্যের উপর ৫ শতাংশ হাসিল নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। বৃষ্টি হলে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, তবে সিটি কর্পোরেশন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
ডিএমপির কমিশনার বলেন, কোনো ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন। আমরা সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল গরুর হাটে আমরা কোথাও কোনো চাঁদাবাজির অভিযোগ পাইনি।
এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




