ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগের তত্ত্বাবধানে এবং নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তানের ফুলবাড়ীয়া বিআরটিসি ভবনের ২য় তলায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে পরিবহন সেক্টরের ড্রাইভার, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারম্যানসহ সর্বমোট ৩৯ জন শ্রমিককে বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা পরিবহন শ্রমিকরা ডিএমপি ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিরতি দিয়ে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।





