রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ফেলে যাওয়া অবস্থায় চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকাল থেকে রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং অপরাধ সমূহ ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনা করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। অভিযান পরিচালনাকালে গুলিস্তান এলাকায় চাঁদাবাজদের তথ্য সংগ্রহ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে ভাসমান টেবিলে মোবাইল বিক্রি করা কিছু লোক মোবাইল ফোন রেখে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ফেলে যাওয়া মোবাইল সম্পর্কে আশপাশের লোকজনদের উক্ত মোবাইল ফোনের মালিকানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলেও লোকজন এ সম্পর্কে কিছু বলতে না পারায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চারটি জব্দ তালিকামূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





