চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ‘দ্য গ্রেট ওয়াল কোমেমোরেটিভ মেডেল’ (The Great Wall Commemorative Medal) দেয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশের সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ‘দ্য গ্রেট ওয়াল কমেমোরেটিভ মেডেল’ ও সার্টিফিকেট তুলে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং জিয়াওহংয়ের খ্রিস্টিয় নববর্ষের শুভেচ্ছাও স্বরাষ্ট্রমন্ত্রীকে পৌঁছে দেন চীনা রাষ্ট্রদূত।
পরে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আন্তঃদেশীয় অপরাধ, আন্তর্জাতিক অপরাধ- এ সমস্ত অপরাধ যাতে প্রতিরোধ করতে পারি, সে বিষয়ে চীনের কাছে সহায়তা চেয়েছি।
তিনি আরও বলেন, ‘তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে, এর পরিধি আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তারা বিবেচনা করেছে, তারা কনসিডার করেছে যে, আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবে।’ সূত্র: সময় টিভি অনলাইন




